পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মহামারির বিস্তার ঠেকাতে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি।
রোববার (২৭ জুন) ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪’ বিতরণ অনুষ্ঠান হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীর সহযোগিতা চান শেখ হাসিনা।
বিদ্যমান অবস্থা নিয়ন্ত্রণে আনতে নিজের বিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, এ জন্য সবার সহযোগিতা চাই, আপনারা একটু সাবধানে থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে নিজেকে ও পরিবারকে নিরাপদে রাখবেন, সবাইকে সুরক্ষিত রাখবেন।
দেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেখানে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলুন, করোনাকালে দেশের রপ্তনি খাত সমৃদ্ধ করতে অবদান রাখুন। এতে নিজেদের চাহিদাও পূরণ হবে।

কৃষি ও পল্লী উন্নয়নে ব্যাপক বরাদ্দ দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, কৃষকদের সবচেয়ে বেশি মর্যাদা দেয় আওয়ামী লীগ সরকার। ১০ টাকা দিয়ে কৃষকদের ব্যাংক একাউন্ট খোলা এবং বিনা জামানতে বর্গাচাষীদের ঋণ দেয়া হচ্ছে।
পতিত জমিতে ফসল ফলানো নিয়ে গবেষণা চলছে উল্লেখ করে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, তাতে আমরা সাফল্য অর্জন করেছি। এতে ৮০ হাজার হেক্টর পতিত জমি নতুন করে চাষাবাদের আওতায় আনা সম্ভব হয়েছে।
এ ছাড়া ফল, শাক-সবজি, মাছ, মাংস, ডিম, দুধসহ সব ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর মাধ্যমে বিদেশে রপ্তানি করা সম্ভব। সে কারণেই কৃষি প্রক্রিয়াজাতকরণের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, বলেন তিনি।


