ঢাকায় পৌঁছেছে মডার্নার ১২ লাখ টিকা

ঢাকায় পৌঁছেছে মডার্নার ১২ লাখ টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার ১২ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছেছে। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে এসব টিকা পাঠানো হয়েছে। শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে করে টিকা এসে পৌঁছায়।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। তিনি জানান, বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে টিকা গ্রহণের জন্য সেখানে উপস্থিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে, হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত ১১টা ২১ মিনিটে মডার্নার ১২ লাখ ডোজ টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। টিকাগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার জন্য বিমানবন্দরে আছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও অন্যান্য কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী দুই দিনের মধ্যে মডার্না এবং সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ টিকা দেশে আসবে। দীর্ঘদিন পর একসঙ্গে এতগুলো টিকা আসার খবরে নিজে আনন্দিত বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৭ জুন ওষুধ প্রশাসন অধিদপ্তর দেশে মডার্নার টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়। তার আগে যুক্তরাষ্ট্রের আশ্বাস পেয়ে টিকাটির অনুমোদন দিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *