পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরিশাল নগরীতে চলমান লকডাউন শুরুর দিকে রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলাচল সীমিত থাকলেও ক্রমশ পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। শনিবার লকডাউনের দশম দিনে রাস্তাঘাট যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে।
শনিবার সকালে নগরীর বাজারঘাটগুলোতে সরেজমিনে ঘুরে ব্যাপক ভিড় দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারগুলো ফাঁকা হয়ে যায়।
চলমান লকডাউন শুরুর দিকে চেকপোস্টগুলোতে পুলিশের কড়াকড়ি থাকলেও এখন কিছুটা শিথিল। যদিও জেলা প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীর টহল এবং লকডাউন ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে নগরীতে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
শনিবার নগরীতে টিসিবি পণ্য বিক্রিতে অতিরিক্ত ভিড় ঠেকাতে কয়েকটি ডিলার পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সামাজিক দূরত্ব বজায় না রাখলে সংশ্লিষ্ট টিসিবি ডিলারের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাভেদ হোসেন চৌধুরী। জনস্বার্থে এই অভিযান চলবে বলেও জানান তিনি।


