ঈদের পর ফের কঠোর বিধিনিষেধ

ঈদের পর ফের কঠোর বিধিনিষেধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারী বিস্তার রোধে সরকার আরোপিত কঠোর বিধিনিষেধ (লকডাউন) আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল থাকার পর ২৩ জুলাই থেকে আবারও তা বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে বলে আজ সোমবার (১২ জুলাই) জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা।

এর আগে আজ (১২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলমান কঠোর লকডাউন কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত আট দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে দোকানপাট ও শপিংমল।

তবে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস। কোরবানির ঈদের বিষয়টি বিবেচনা করে পশুর হাট ও মানুষের চলাচলেও কিছুটা শিথিলতা থাকবে। এছাড়া বাকি সব বিধিনিষেধ বলবৎ থাকবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ জারি করে। যা প্রথমে ৭ জুলাই পর্যন্ত থাকলেও পরে তা আরো এক সপ্তাহ বাড়ানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *