দরিদ্রদের বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে : মেয়র আতিক

দরিদ্রদের বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে : মেয়র আতিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর মহাখালীতে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল’-এ হাই ফ্লো নেজাল ক্যানুলা মেশিন, বাইপ্যাপ মেশিন এবং এক্সেসরিজ হস্তান্তর অনুষ্ঠানে এ আহ্বান জানান।

এ সময় ডিএনসিসি মেয়র সমাজের বিত্তবানদের ত্যাগ ও কোরবানির মাসেই নিজ নিজ অবস্থান থেকে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আহ্বানও জানান।

আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতার ফলেই অল্প সময়ের মধ্যে প্রস্তুত দেশের সবচেয়ে বড় এক হাজার শয্যাবিশিষ্ট ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল’-এ রোগীদের চিকিৎসা কার্যক্রম চলছে। হাসপাতালের জমি, ভবন, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ৭ দশমিক ১৭ একর জমিতে তৈরি এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ডিএনসিসির একটি বিপণি-বিতানকে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯’ হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ব্যবহারের জন্য তার পক্ষ থেকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে অত্যাধুনিক দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়িও দেওয়া হয়।

ডিএনসিসি মেয়র হাসপাতালের পরিচালকের কাছে আটটি হাই ফ্লো নেজাল ক্যানুলা মেশিন, ১৮টি বাইপ্যাপ মেশিন এবং ৪০ প্যাকেট বাইপ্যাপ মেশিনের এক্সেসরিজ হস্তান্তর করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *