দক্ষিণ আফ্রিকায় সহিংসতাঃ নিহত বেড়ে ১১৭

দক্ষিণ আফ্রিকায় সহিংসতাঃ নিহত বেড়ে ১১৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুর্নীতি ও আদালত অবমানার অভিযোগে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ কার্যত সহিংসতা ও দাঙ্গায় রূপ নিয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। দুই হাজারের বেশি মানুষকে আটক করেছে দেশটির পুলিশ।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে গ্রেফতার করার পরই বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ অচিরেই সহিংস হয়ে ওঠে। দোকানপাট লুটের পাশাপাশি শুরু হয় ভাঙচুর। অনেক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। জুমাকে গ্রেফতার করা নিয়ে ক্ষোভ ছিলই, তার সঙ্গে যুক্ত হয় লকডাউনে প্রচুর মানুষের চাকরি যাওয়া এবং জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার ঘটনা। তাই মানুষ এভাবে ক্ষোভে ফেটে পড়েছেন বলে মনে করা হচ্ছে।

এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেই রাস্তায় সেনা নামায় দেশটির সরকার। কিন্তু সংখ্যায় অত বেশি না হলেও সেনা নামার পরেও বিক্ষোভ হয়েছে। সহিংসতা হয়েছে। দেশটির কোয়াজুলু-নাটাল ও গওতেং-এর অবস্থা সব চেয়ে খারাপ। বিক্ষোভ ও লুঠপাট থামছেই না। তাই এবার ২৫ হাজার সেনা নামানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

পার্লামেন্টে দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষামন্ত্রী নসিভায়ি ম্যাপিসা-এনকাকুলা জানিয়েছেন, ওই দুই শহরেই অধিকাংশ সেনা মোতায়েন করা হবে। সেখানে পুলিশ পরিস্থিতি সামলাতে পারছে না। সেনাকে সেখানে শান্তি ফেরানোর দায়িত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, যা চলছে, তাকে শুধুমাত্র অপরাধের ছবি হিসাবে দেখা যাচ্ছে না। কারণ, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে আক্রমণ করা হচ্ছে। তাই এটা অনেক বেশি সংগঠিত ও সংঘবদ্ধ অপরাধ। ১২ জন প্রধান উস্কানিদাতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত দেশটিতে সবমিলিয়ে দুই হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন জ্যাকব জুমা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার প্রশাসনের লোকেরা যখন ব্যাপক মাত্রায় দুর্নীতি করছিল, তখন তিনি চোখ বুঁজে ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *