পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র্যাবের অভিযানে বিভিন্ন রকমের মাদকসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মিনারকোট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিনারকোট গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. মোরসালিন (২৫) ও ধর্মনগরের মো. লিটনের ছেলে মো. আরিফ (২৫)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, আট ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মিনারকোট গ্রামের আনন্দবাজার এলাকার মোরসালিনের ব্রয়লার মুরগির দোকানের সামনে অভিযান চালানো হয়।
এ সময় মোরসালিন ও আরিফকে আটক করে তাদের কাছ থেকে বিভিন্ন রকমের মাদক উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান করছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


