পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতের কারনে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ জুলাই) কর্মকর্তারা জানান, আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় বিপজ্জনক এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়া লাগতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা হাত দিয়ে মাটি খুড়ে জীবিতদের অনুসন্ধান চালাচ্ছেন বলে স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে। কর্তৃপক্ষের আশঙ্কা, ধ্বংস্তূপের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। অস্থায়ী স্ট্রেচারে করে সরু গলি দিয়ে জরুরি সেবার কর্মীরা আহতদের বহন করছেন।
এদিকে আবহাওয়ার অধিদফতর জানিয়েছে, আগামী চারদিন মুম্বাইসহ মহারাষ্ট্রে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এক বার্তায় মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


