ফের মুসলমানদের আল-আকসায় প্রবেশে বাধা

ফের মুসলমানদের আল-আকসায় প্রবেশে বাধা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের আল-আকসা মসজিদ থেকে ফের মুসলমানদের বের করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এসময় তারা মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী হাজার খানেক ইহুদিকে জোরপূর্বক আল-হারাম আল-শরীফে প্রবেশ করায়।

রবিবার (১৮ জুলাই) মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে এ অভিযানের সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ইসরায়েলি সেনারা কয়েকজন ফিলিস্তিনিকে মারধরও করে। আটকও করা হয় কয়েকজনকে।

এদিকে আল-আকসা মসজিদে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের এ অংশটি দেশটির পশ্চিম তীর শাসন করছে। এক বিবৃতিতে তারা বলছে, সেনাদের এই আগ্রাসনের পুরোটা দায় নিতে হবে ইসরায়েল সরকারকে। একই সঙ্গে আল-হারাম আল-শরীফে ইহুদিদের জোরপূর্বক প্রবেশকে ওই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবেও দেখছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি হামলার আগে কয়েকজন ফিলিস্তিনি যুবক তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিল।

এদিকে ইসরায়েলি হামলায় পাল্টা হুঁশিয়ারী দিয়েছে হামাস। একইসঙ্গে হামলা ঠেকাতে সব ফিলিস্তিনিদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছে তারা।

বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কারে ব্যবহার করা হয় মার্বেল, স্বর্ণসহ নানা ধরণের মূল্যবান ধাতু ও পাথর। এটিকে মুসলমানদের পবিত্র স্থান হিসেবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো।

সূত্র: আল জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *