সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েক দিনের তুলনায় শুক্রবার (২৩ জুলাই) ও শনিবার (২৪ জুলাই) লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিও বেশি থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সমুদ্রবন্দরগুলোতে লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক দেয়া হয়েছে। লঘুচাপটি আগামীকাল শনিবারের (২৪ জুলাই) মধ্যে ভারতের উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের উপকূলে উঠে নিষ্ক্রিয় হয়ে যাবে।

আগামীকাল শনিবারের (২৪ জুলাই) পর থেকেই বৃষ্টির এই প্রবণতা কমে যাবে। এই সময়ে চট্টগ্রামের দিকে অতি ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *