আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবে না : হাছান মাহমুদ

আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবে না : হাছান মাহমুদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি মাসের মধ্যেই কিছু আইপি টিভি অনুমোদন দেয়া হবে। তবে নীতিমালা অনুযায়ী আইপি টিভি থেকে সংবাদ পরিবেশন করতে পারবে না বলে জানিয়ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশে সম্প্রতি একটি আইপি টিভি বন্ধ হয়েছে, এছাড়া দেশে অসংখ্য অনুমোদনহীন আইপি টিভি আছে, সেগুলোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “কোনও আইপি টিভিকেই এখনো অনুমোদন দেয়া হয়নি। রেজিস্ট্রেশন দেয়ার জন্য আমরা দরখাস্ত আহ্বান করেছিলাম। সবমিলিয়ে এখন পর্যন্ত ৬শ’র কাছাকাছি আবেদন পড়েছে। যাচাই-বাছাই শেষে এ মাসের মধ্যেই আমরা কিছু আইপি টিভি অনুমোদন দেবো। যেহেতু আমরা অনুমোদন দেওয়া শুরু করিনি তাই কোনটার অনুমোদন নেই।”

তিনি বলেন, “আপনারা জানেন, নীতিমালা অনুযায়ী কোনও আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারে না। নানা আইপি টিভির বিরুদ্ধে অনেক সময় অভিযোগ আসে। সেই প্রেক্ষিতে সময়ে সময়ে আমাদের ব্যবস্থা নিতে হয়।”

মন্ত্রী বলেন, কিছু আইপি টিভির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করি। কিছু কিছু আইপি টিভি ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়। তারপর বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ায়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। এ ধরনের কোনও অভিযোগ আমাদের নজরে এলে আমরা ব্যবস্থা গ্রহণ করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *