পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিধিনিষেধের ১২তম দিনে ৩৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ১২০ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ৭৭ হাজার টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৫৩২টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ১১ লাখ ২৩ হাজার টাকা।
মঙ্গলবার (৩ আগস্ট) ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকারের দেওয়া বিধিনিষেধের ১২তম দিনে সড়কে ব্যক্তিগত যান ও মোটরসাইকেলের চলাচল বেশি দেখা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্টও ছিলো বিগত দিনগুলোর চেয়ে কম। লুকোচুরি করে বেশকিছু অটোরিকশা চরাচল করতে দেখা যায় সড়কে। এছাড়া রাস্তায় চলাচল করা মানুষের সংখ্যাও অনেক বেড়েছে।
গণপরিবহন না চললেও প্রাইভেট কার, মাইক্রোবাস, জরুরি সেবা সংস্থার গাড়ি দেখা গেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ও কঠোর ভাবেই দেখা গেছে। এতে ঢাকার প্রবেশ পথগুলোতে দেখা গেছে দীর্ঘ যানজট।
এর আগে, সোমবার (২ আগস্ট ) অকারণে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ১৩৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৩৬৬ টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ৮ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।


