পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের প্রতিরোধে ভারতের কেন্দ্রীয় সরকার শনিবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের তৈরি কোভিডের এক ডোজের টিকা জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে। এ নিয়ে মোট পাঁচটি টিকা ভারতে ব্যবহারের অনুমতি দেওয়া হল।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া শনিবার (৭ আগস্ট) এক টুইট করে বলেন, ‘ভারত নিজেদের ঝুলিতে টিকার সংখ্যা বাড়িয়েছে। জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এখন ভারতের হাতে ব্যবহারের জন্য পাঁচটি টিকা আছে। মহামারি করোনার বিরুদ্ধে লড়াইয়ে এটা আমাদের সাহায্য করবে।’
ভারতে জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমতি চেয়ে গত ৫ আগস্ট আবেদন করেছিল জনসন অ্যান্ড জনসন। এর আগে জনসনের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের টিকা ভারতে প্রথম শনাক্ত করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনকে প্রতিহত করতে সক্ষম।
ট্রায়ালে দেখা গেছে, সার্বিকভাবে করোনার বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর এই টিকা। টিকা নেওয়ার ২৯ দিন পর কাজ শুরু হয়। বেশ কয়েকটি সংক্রামক ধরনের বিরুদ্ধে কার্যকর এর এক ডোজ আট মাস পর্যন্ত কার্যকর বলেও জানায় জনসন অ্যান্ড জনসন।
এ টিকা নিয়ে ‘গুলেন বারি সিনড্রোম’ নামে পরিচিত এক ধরনের বিরল স্নায়বিক জটিলতার ঝুঁকি বাড়াতে পারে বলে এর আগে সতর্ক করে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। যুক্তরাষ্ট্রে একশ জন এই টিকা নিয়ে ‘গুলেন সিনড্রোমে’ ভুগেছেন।


