পদ্মা সেতুর নিচে ভারী যানবাহনসহ ফেরি চলাচলে নিষেধাজ্ঞা

পদ্মা সেতুর নিচে ভারী যানবাহনসহ ফেরি চলাচলে নিষেধাজ্ঞা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বারবার পদ্মার পিলারের সাথে ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটছে। তাই এখন থেকে সেতুর নিচ দিয়ে ভারী যানবাহনসহ ফেরী চলাচলা বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে পারবে।

মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর পিলারে ফেরি ধাক্কার ঘটনায় আমরা খুবই বিব্রত। তবে দুঃখজনক হলেও পরপর দুবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিমুলিয়া বাংলাবাজার রুটে তীব্র স্রোতের কারণে চলাচল দুরূহ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ফেরি চলাচলে যে সক্ষমতা সেটা আমাদের নেই। এখন থেকে হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে পারবে।

প্রতিমন্ত্রী আরও জানান, এই নিষেধাজ্ঞা জারি থাকবে স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত। এ সময় অ্যাম্বুলেন্স ও হালকা যান পারাপার হবে। যাত্রীবাহী যান পারাপার হবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে। পণ্যবাহী যান পারাপারে চাঁদপুরের হরিণাকে ঘাট ব্যবহার করতে হবে। এসব ঘাটে ফেরির সংখ্যা বাড়ানো হবে।

এর আগে সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা খায়। এ ঘটনায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ইনল্যান্ড মাস্টার অফিসার মো. দেলোয়ারুল ইসলাম ও হুইল সুকানি মো. আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *