পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। এবার আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ রাখার সিদ্বান্ত হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, ‘ভারতের সাথে সীমান্ত বন্ধের মেয়াদ মঙ্গরবার শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এটা আরো বাড়ানো হলো। এতদিন যে নিয়মে চলছিল, ১৫ আগস্ট পর্যন্ত একই নিয়মে চলবে। যেহেতু আমাদের এখানে লকডাউন শিথিল করা হচ্ছে, ভারতেও সংক্রমণ অনেক কমে গেছে। আশা করা যাচ্ছে যে, এ সময়ের মধ্যে বিষয়টা পর্যালোচনা করে হয়তো পরেরবার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি। আপাতত যেভাবে চলছে চলুক।’
বর্তমানে ভারতে আটকেপড়াদের সংখ্যা কমে যাওয়ায় দেশটি থেকে সপ্তাহে তিনদিন অর্থাৎ রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশীরা যথাযথ কাগজপত্র নিয়ে পাঁচটি বন্দর নিয়ে দেশে ফিরতে পারছেন। এক্ষেত্রে সবাইকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হচ্ছে।


