পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একটা হিসেব অনুযায়ী সারা আফগানিস্থানে হাজার দেড়েক ভারতীয় নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে যাঁরা মাজার-ই-শরীফের আশপাশে বা সেখানেই আছেন, তাঁরাও যাতে নিরাপদে দেশে ফিরতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে।
ভারত সরকার আজ (১০ আগস্ট) আফগানিস্তানের মাজার-ই-শরীফ থেকে ভারতীয় নাগরিকদের সবাইকে দিল্লিতে নিয়ে আসার জন্য একটি বিশেষ বিমান পাঠাচ্ছে।
গত এক মাসে তালেবান প্রতিদিন নতুন নতুন জায়গা অধিকার করে চলেছে এবং বোঝাই যাচ্ছে তারা দ্রুত রাজধানী কাবুলের দিকে এগোচ্ছে। আফগান সরকারি বাহিনী ক্রমেই পিছু হটছে।
আজ কনস্যুলেট থেকে দুপুর বেলায় একটি টুইট বার্তায় তাঁদের সবাইকে জানানো হয়েছে, আজ রাতের দিকে মাজার-ই-শরীফ থেকে একটি বিশেষ বিমান ছাড়বে তাঁদের ভারতে ফিরিয়ে আনার জন্য। যাঁরা সেই বিমানে ফিরতে চান, অবিলম্বে তাঁদের পুরো নাম, পাসপোর্ট নম্বর ও তার মেয়াদ শেষ হওয়ার দিন উল্লেখ করে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। বার্তা শেষে দুটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেয়া হয়েছে।


