পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দুদের মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার সাথে সংশ্লিষ্টদের অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনে সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্ৰ প্রামাণিক বলেন,
করোনাভাইরাসের সংকটের মাঝেও হিন্দু সম্প্রদায় শান্তিতে নেই। গত ৭ আগস্ট খুলনা জেলার রূপসা উপজেলার শেয়ালী গ্রামে দুর্বৃত্তদের হামলায় হিন্দু সম্প্রদায়ের অর্ধ শতাধিক বাড়িঘর, মন্দির ও প্রতিমা এবং দোকানে ভাঙচুর করা হয়। এবং পাশাপাশি লুঠপাট করে ত্রাসের রাজত্ব কায়েম করে।
তিনি আরও বলেন, সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন, পিরোজপুরের নাজিরপুরে তন্ময় তরুয়াকে হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করছি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের জমি দখল, দেশত্যাগের হুমকি, মন্দির ও প্রতিমা ভাঙচুর নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনার আসামিদের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে।


