পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা তুলনামূলক কমেছে। ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ হাজার ৬৬১ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ১৩৫০ জন। এতে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৪ লাখ ৩৬ হাজার ৬১০ জনে।
গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫ লাখ ৬১ হাজার ৪৭৭ জন। আগের ২৪ ঘন্টার তুলানায় করোনা শনাক্ত কমেছে ১ লাখ ২০ হাজারের বেশি। এ নিয়ে এ ভাইরাসে বিশ্বে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ২১ লাখ ৪৫ হাজার ১০০ জনে।
রোববার (২২ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসে এসব তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৭৮২ জন এবং মারা গেছেন ৫১৭ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুর করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৬১ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৪৪ জন।
এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৮৮ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০১ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


