পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে আসা ঝড় হেনরি ইতোমধ্যে হারিকেনে রূপ নিয়েছে। হেনরি তার আপন অবস্থায় অব্যাহত থাকলে এটি হতে যাচ্ছে নিউ ইংল্যান্ডে গত ৩০ বছরের মধ্যে আঘাত হানা প্রথম হারিকেন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড় হেনরির কারণে তীব্র ঝড়ো বাতাস, আকস্মিক বন্যা এবং সমুদ্রে জলোচ্ছ্বাসও হতে পারে। আটলান্টিকে সৃষ্ট এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ম্যাসাচুসেটস গভর্নর চার্লি বেকারের কার্যালয় থেকে সকল বাসিন্দাকে ঝড়ের জন্য প্রস্ততি নিতে বলা হয়েছে। তাদের স্থানীয় আবহাওয়া বার্তার দিকে নজর রাখতেও বলা হয়েছে। এই রাজ্যে পার্ক ও বিচসমূহ শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে তীব্র ঝড়ো বাতাসের কারণে প্রায় তিন লাখ লোককে বিদ্যুৎ বিহীন অবস্থায় থাকতে হতে পারে বলে গভর্নরের কার্যালয় থেকে বলা হয়েছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, যে গতিতে ঝড়টি ধেয়ে আসছে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকলে গত ৩০ বছরের মধ্যে এটি হবে নিউ ইংল্যান্ডে আঘাত হানা প্রথম হারিকেন। হারিকেন বব ১৯৯১ সালে সর্বশেষ নিউ ইংল্যান্ডে আঘাত হানে।


