পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে লকডাউন বিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৭ পুলিশ সদস্যের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ২৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২১ আগস্ট) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন, নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনি এবং কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে লকডাউন বিরোধীদের মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে।
এর মধ্যে মেলবোর্নে সবচেয়ে বেশিসংখ্যক ৪ হাজারেরও বেশি মানুষ জমায়েত হয়েছিলেন লকডাউনবিরোধী সমাবেশে। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে তাদের।
গ্রেফতার প্রত্যেককে করোনা বিধি ভঙ্গের দায়ে ৫ হাজার ৪৫২ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
মহামারির শুরু থেকে করোনা সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে অন্যান্য দেশের তুলনায় বেশ সফল অস্ট্রেলিয়া। ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৪ হাজার ৩৪ জন এবং এ রোগে মারা গেছেন মোট ৯৮১ জন।
সংক্রমণ নিয়ন্ত্রণে গত জুন মাস থেকে সিডনিসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা লকডাউন ও কঠোর বিধিনিষেধ জারি রেখেছে অস্ট্রেলিয়া। দেশটির স্বাস্থ্য বিভাগ ও করোনা প্রতিরোধ বিষয়ক সরকারি কমিটির কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, টানা লকডাউনের পরও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না।


