ব্রাহ্মণবাড়িয়ার লইস্কা বিলে নৌকাডুবি, ১৯ লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার লইস্কা বিলে নৌকাডুবি, ১৯ লাশ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার লইস্কা বিলে যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই একটি ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি। তবে উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নয় নারী ও তিন শিশু রয়েছে। আহত অবস্থায় ১৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছে।

জানা যায়, শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় জেলার বিজয় নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি জেলা সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইস্কা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। এতে হতাহতের পরিমাণ কত হতে পারে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।

দুর্ঘটনার শিকার নৌকার যাত্রী আলি আক্তার জানান, তাদের নৌকায় দু’শর মতো যাত্রী ছিল।

আঁখি আখতার নামের এক যাত্রী বলেন, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৫টায় যাত্রী নিয়ে ছেড়ে আসে নৌকাটি। নৌকায় করে আমি, আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলাম। পথে বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি ডুবে যায়। আমি সাঁতরে কূলে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির এখনও সন্ধান পাইনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *