পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গোপসাগরে বাংলাদেশের আশেপাশে এখন কোনো লঘুচাপের উপস্থিতি না থাকলেও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় পাঁচ বিভাগে বেশি ও তিন বিভাগে কম বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্রিশগড় ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
তিনি বলেন, সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারীও বৃষ্টি হতে পারে।
এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।


