পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন বটে, তবে তিনি যুদ্ধ করেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে জিয়াউর রহমান গুলি চালিয়েছেন, এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। এরপর ৭৫-এর খুনীদের সহায়তা দিয়েছিলেন জিয়া। এগুলো প্রমাণিত সত্য।
আওয়ামী লীগের সভাপতি বলেন, ছাত্রদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়েছিলেন জিয়া। এরপর খালেদা জিয়া ক্ষমতায় এসেও তাই করেছেন। ছাত্রদলকে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনী হিসেবে। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগকে শায়েস্তা করতে ছাত্রদলই যথেষ্ট। তারপর বিভিন্ন পদক্ষেপ নিয়ে ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ফেরত আনা হয়েছে।
শেখ হাসিনা আরও বলেন, আমাদের পায়ে পায়ে শত্রু। খুব সাবধানে থাকতে হবে। যেসব দেশ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা ষড়যন্ত্রকারীদের উস্কে দিচ্ছে। সে কথা মাথায় রেখে এগিয়ে যেতে হবে। লক্ষ্য যদি স্থির থাকে আর মনোবল যদি অটুট থাকে তাহলে সফলতা আসবেই। বাধা আসবে, তবুও দেশের কল্যাণে কাজ করে যেতে হবে।


