‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ : মনোনয়ন আহ্বান করল মন্ত্রিপরিষদ বিভাগ

‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ : মনোনয়ন আহ্বান করল মন্ত্রিপরিষদ বিভাগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ সংক্রান্ত মনোনয়ন প্রস্তাব জমা দিতে আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চিঠিতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সাহিত্যসহ মোট ১৩টি ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সাল থেকে সরকার স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করছে।

সব মন্ত্রণালয়/বিভাগ এবং ইতোপূর্বে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সুধীজনের কাছ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলী’ অনুসরণে নির্ধারিত ছকে ‘স্বাধীনতা পুরস্কার’র জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়ে থাকে বলেও এতে উল্লেখ করা হয়।

এছাড়া, চিঠিতে মনোনয়ন প্রস্তাব নির্ধারিত ছকে দাখিলের জন্য অনুরোধ করা হয়। সংশ্লিষ্ট কাগজপত্রসহ মনোনয়ন প্রস্তাবের ৩৫ সেট আগামী ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে (সিনিয়র সহকারী সচিব, প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-২ শাখা, কক্ষ নং-১১/১, ভবন-১, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০) পাঠানোর অনুরোধ জানানো হয়।

একইসঙ্গে মনোনয়ন প্রস্তাবের সফটকপি (ওয়ার্ড ফাইলে) নিকস ফন্টে (স্ক্যান/পিডিএফ কপি নয়) ই-মেইলে (adc2s@cabinet.gov.bd) পাঠানোরও অনুরোধও জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (www.cabinet.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *