মুফতি আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

মুফতি আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কওমি অঙ্গনের সর্বোচ্চ বিদ্যাপীঠ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মজলিসে এদারির প্রধান মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশ জমিয়তুল উলামার প্রেসিডেন্ট বলেন, মানুষের জন্ম ও মৃত্যু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। আল্লাহর ইচ্ছাতেই মানুষ তার রবের ডাকে সাড়া দিয়ে চলে যায়। মুফতি আব্দুস সালাম চাটগামী (রহ.) একজন খ্যাতিমান আলেমে দ্বীন ছিলেন। আদর্শবান মানুষ গড়ার লক্ষ্যে তিনি আজীবন দরস ও তাদরিসের কাজ আঞ্জাম দিয়েছেন। আজ তাঁর মৃত্যুতে আমরা একজন মহৎপ্রাণ আলেমকে হারালাম।

মুফতি আব্দুস সালাম চাটগামীর মৃত্যুকে এক অপূরণীয় ক্ষতি আখ্যা দিয়ে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, মুফতি আজম আব্দুস সালাম চাটগামী (রহ.) ভারতীয় উপমহাদেশের ইসলামী আইন বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম ছিলেন। ইসলামী আইন নিয়ে গবেষণায় তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে আমাদের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা আরেকজন ইসলামিক পণ্ডিত হারালাম।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আল্লাহ তাআলা তাঁর সন্তান-সন্তুতি ও পরিবারবর্গকে শোক সইবার ও ধৈর্য্যধারণের তাওফিক দান করুন।

প্রসঙ্গত, বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে হাটহাজারী মাদরাসার শূরা কমিটির বৈঠকে তাকে মহাপরিচালক নির্বাচিত করা হয়। এর কিছুক্ষণ পরেই শেষ নি:শ্বাস ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সারা দিয়ে এই ধরা ছেড়ে চলে যান এই আলেমে দ্বীন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *