সেপ্টেম্বরেই আসবে আরও দেড় কোটি ভ্যাকসিন

সেপ্টেম্বরেই আসবে আরও দেড় কোটি ভ্যাকসিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ মাসের (সেপ্টেম্বর) শুরুতে ৫৪ লাখ ভ্যাকসিন এসেছে। মাসের বাকি সময়ে আরও দেড় কোটি ভ্যাকসিন দেশে আসবে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নবাব আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোভিড মহামারির কথা বিবেচনা করে একইসঙ্গে ষষ্ঠ গ্রেডে ৪০৯ জন অ্যানেস্থেসিয়া চিকিৎসক নিয়োগ প্রদান একটি যুগান্তকারী ঘটনা। কোভিডের অতিমারির কথা বিবেচনা করে দেশের প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলোতে অ্যানেস্থেসিয়া চিকিৎসকের অতি বেশি প্রয়োজন দেখা দেয়। এ পদে আগে অনুমোদিত ৬০৮টি পদের বিপরীতে মাত্র ৩০ জন চিকিৎসক কর্মরত ছিলেন। গত বছর আমরা ১৬৯ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছিলাম। ওই সময় উপযুক্ত প্রার্থী না থাকায় অবশিষ্ট ৪০৯টি পদে পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি।

মন্ত্রী জানান, গত ৭ জুলাই ৪০৯টি শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে অনুরোধ করা হলে গত ৫ সেপ্টেম্বর সে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। বেশকিছু নিয়মের ব্যত্যয় হলেও এত অল্প সময়ে এ বিশাল সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বাস্থ্যখাত কৃতজ্ঞ থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে নতুন নিয়োগ পাওয়াদের সব সুযোগ-সুবিধার ব্যাপারে লক্ষ্য রাখার প্রতিশ্রুতি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের দেশের সাধারণ মানুষের সেবায় কাজ করার অনুরোধ জানান।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর মহাসচিব ডা. এম এ আজিজ, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও সোসাইটি অব অ্যানেস্থেসিয়ার সভাপতি ডা. দেবব্রত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *