পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশসহ ছয় দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান সরকার। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
ছয়টি দেশ হলো: বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। এই ছয় দেশের নাগরিকদের মধ্যে যারা টিকা নিয়েছিলেন এবং এমনকি জাপানে বসবাসের বৈধ স্ট্যাটাসও রয়েছে; তাদেরও জাপানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল।
জাপানের কোয়ারেন্টাইন নীতিমালায় বড় ধরনের সংশোধন আনায় ওই ছয় দেশের প্রবেশ নিষেধাজ্ঞার অবসান ঘটছে। কোয়ারেন্টাইন বিধি-নিষেধে পরিবর্তন আসায় করোনাভাইরাসের বিস্তার, বিশেষ করে অতিসংক্রামক ধরনকে ঠেকাতে বিশ্বের ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের পর্যটকদের এখন জাপানে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
দেশটিতে প্রবেশের পর একবার করোনাভাইরাসের পরীক্ষা করতে হবে। পাশাপাশি তিন দিনের বাধ্যতামূলক স্বেচ্ছা আইসোলেশন শেষেও শেষ দিনে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।


