পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশ ভালো থাকলে বিএনপি ভালো থাকে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, দেশের মানুষ যদি ভালো থাকে তাহলে বিএনপি ভালো থাকতে পারে না। কারণ দেশের ভালো সহ্য হয় না দলটির। তারা যেহেতু নেতিবাচক রাজনীতি করে তাই খারাপের সঙ্গেই তাদের সখ্যতা।
আজ বুধবার (২২ সেপ্টেম্বর) নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপি এখনো গৃহকোণে বন্দি- উল্লেখ করে তিনি বলেন, করোনার সংক্রমণ এখন অনেক কম। সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু বিএনপি ঘরের মধ্যে আটকা পড়ে আছে।
‘জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা ও সবার জন্য শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রচেষ্টার জন্য তাকে এসডিজি অগ্রগতি পুরস্কারে ভূষিত করেছে। সংকীর্ণমনা বিএনপি সেটা দেখেও না দেখার ভান করছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, খোলস থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষের জন্য মাঠে নেমে কাজ করতে হবে। মিথ্যাচারের ওপর ভর করে খুব বেশি দূর যাওয়া যায় না।


