নাইজেরিয়ায় ডাকাতি হামলায় কমপক্ষে ১৮ জন নিহত

নাইজেরিয়ায় ডাকাতি হামলায় কমপক্ষে ১৮ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের পর ডাকাতরা ওই এলাকার দোকান ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জামফারা প্রদেশের দুই বাসিন্দার বরাত দিয়ে রয়টার্স বলছে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওই এলাকায় সশস্ত্র সন্ত্রাসী, ডাকাত ও অপহরণকারীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান পরিচালনা করছে দেশটির সরকার। অভিযানের অংশ হিসেবে এলাকাটিতে টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন রেখেছে নাইজেরীয় সরকার। তবে সরকারি বাহিনীর এই অভিযানের মধ্যেই সেখানে ডাকাতদের হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল।

ওই দুই বাসিন্দা জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টার দিকে জামফারা প্রদেশের কুরিয়ান মাদারো গ্রামে মোটর বাইকে করে বহুসংখ্যক ডাকাত প্রবেশ করে। এরপরই গ্রামবাসীদের ওপর হামলা করে তারা।

অবশ্য ঘটনার বিষয়ে মন্তব্য জানতে বার বার চেষ্টা করেও জামফারা প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেফুর সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। এসব অপরাধ বন্ধে নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদেক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ১২ বছর ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *