পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে আবারও জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের একটি শিয়া মসজিদে এ বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে আরও ৪৫ জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার (১৫ অক্টোবর) শহরের বিবি ফাতিমা মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটে।
হাসপাতাল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। আহতদের অবস্থা দেখে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে।
নেমাতুল্লা ওয়াফা নামে প্রাদেশিক কাউন্সিলের এক সাবেক সদস্য বলেছেন, তিনি ঘটনাস্থল থেকে অন্তত সাতটি মরদেহ ও আহত ১৩ জনকে সরিয়ে নিতে দেখেছেন।
তালেবানের বিশেষ বাহিনী মসজিদটিতে পৌঁছেছে এবং আহতদের জীবন বাঁচাতে স্থানীয়দের রক্তদানের অনুরোধ জানিয়েছে ।
তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে মাত্র এক সপ্তাহ আগেই দেশটির উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় একই পদ্ধতিতে হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী আইএস। এতে প্রায় অর্ধশত মানুষ নিহত ও শতাধিক আহত হন।


