পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লায় ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের অবমাননাকারীদেরসহ সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর খিলগাঁও-এ অবস্থিত হেফাজত মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত খাস কমিটির বৈঠক থেকে এ দাবি জানান হেফাজত নেতারা।
হেফাজত নেতৃবৃন্দ বলেন, কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি। এ দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কোনোভাবেই পবিত্র কোরআন অবমাননা সহ্য করবে না, করতে পারে না। ধর্মপ্রাণ মুসলমানদের আন্দোলনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে সে বিষয়েও সদা সর্তকতা অবলম্বন করতে হবে।
হেফাজত নেতৃবৃন্দ বলেন, কারও উস্কানিতে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না। শুক্রবার ( ১৫ অক্টোবর) আপাতত হেফাজতের কোনো কর্মসূচি নেই। আমরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছি। প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ।
নেতৃবৃন্দ আরও বলেন, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দ্রুত কোরআন অবমাননাকারীদের গ্রেফতার করায় ও সে পূজা মণ্ডপটি বন্ধ করে দেওয়ায় আপনাদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে চাঁদপুরের ঘটনায় কারো উস্কানি ছিলো কিনা, কিভাবে ৩ জন মানুষ মারা গেলো এর সুষ্ঠু তদন্ত হতে হবে। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো ক্রুটি ছিলো কিনা, তাও খতিয়ে দেখতে হবে।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম।


