কোনো সম্প্রদায়ের ওপর হামলা সহ্য করা হবে না : কাদের

কোনো সম্প্রদায়ের ওপর হামলা সহ্য করা হবে না : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপরে হামলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হামলার ষড়যন্ত্রের নেপথ্যের কুশীলবদেরও অবিলম্বে গ্রেপ্তার করা হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে ওবায়দুল কাদেরের এ হুঁশিয়ারি জানানো হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার যেকোনো মূল্যে অসাম্প্রদায়িক নীতির সুরক্ষা প্রদান করতে বদ্ধপরিকর। আমরা কোনো অবস্থাতেই মহান মুক্তিযুদ্ধের মূলনীতি ভূলুণ্ঠিত হতে দেব না। এই বাংলাদেশ জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব সম্প্রদায় ও ধর্মীয় বিশ্বাসী মানুষের। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক ও ধর্মভীরু, তবে সাম্প্রদায়িক ও ধর্মান্ধ নয়।’

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সব জায়গায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক হামলার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করছে তাদের চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে সোপর্দ করার জন্য সবার প্রতি অনুরোধ জানাই।’

ওবায়দুল কাদের বলেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা যখন তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করছে তখন এ দেশের চিহ্নিত সাম্প্রদায়িক ও জঙ্গিগোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করে এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ, মন্দির, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসাম্প্রদায়িক নীতির ভিত্তিতে। এ ধরনের হামলা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতির হাজার বছরের আবহমান ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মূলে কুঠারাঘাতের শামিল।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *