পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শেখ রাসেল দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে মাদরাসা শিক্ষার্থীদের দিয়ে কুরআন খতমের আয়োজন করেছে দাতব্য প্রতিষ্ঠান কিডজ স্মাইল ফাউন্ডেশন।
সোমবার (১৮ অক্টোবর) কোরআন খতম শেষে শিশুদের মধ্যে উন্নতমানের খাবারও বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খালেদ সাইফুল্লাহ।
কিডজ স্মাইল ফাউন্ডেশনের সিইও মাওলানা ইমরান আমির বলেন, ‘মানবিক চেতনা সম্পন্ন সকল মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে। কারণ শেখ রাসেল বেঁচে থাকলে দেশ একজন মানবদরদি আদর্শ নেতা পেত। তাই শেখ রাসেলের জন্মদিনে আমাদের কামনা শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবীই শিশুদের জন্য নিরাপদ হয়ে উঠুক। হানাহানির অবসান হোক, প্রতিষ্ঠিত হোক চিরকাঙ্ক্ষিত শান্তি।’
অনুষ্ঠানে কিডজ স্মাইল ফাউন্ডেশনের এমডি মুফতি আব্দুস সালাম বলেন, ‘শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছে। তাই বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আমরা আজ প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ভেতর দিয়ে এমনি এক ভ্রান্ত পথে পরিচালিত করা হয়েছিল এই দেশকে। এরই নির্মম শিকার হয়েছিল শিশু শেখ রাসেল। ফলে তার জন্মদিনটি আনন্দ নয়, বরং বেদনাই বয়ে আনে বিবেকবান মানুষের কাছে।’
উল্লেখ্য, কিডজ স্মাইল ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে।


