নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) কর্মকর্তা নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ টাকা দিয়েছেন। তিনি ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ওই টাকার চেক তুলে দেন অসুস্থ কর্মকর্তার মা বেগম ফাতেমা ও স্ত্রী সারাফ আনিকা হকের হাতে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আরো সহযোগিতার প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। নজরুল ইসলামের স্ত্রী সাংবাদিকদের জানান, বুধবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাচ্ছি। স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের অবহেলার শিকার আমার স্বামী। আনিকা বলেন, দুপুর দেড়টার দিকে ৩০তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং তেজগাঁও জোনের এসি-ল্যান্ড আব্দুল কাদেরের কাছে জানতে পারি নজরুলের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ৫০ লাখ টাকা অনুদান দেবেন। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী নিজে আমার হাতে চেক তুলে দেন। এদিকে ৩০তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও সম্পন্ন হয়েছে।
সবকিছু ঠিক থাকলে বুধবার রাতেই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন বলে জানান আনিকা হক। আনিকার অভিযোগ, রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে পিত্তনালীতে পাথর অপসারণ করাতে গিয়ে সেখানকার চিকিৎসকদের অবহেলার কারণেই নজরুল আজ মৃত্যুর মুখে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে নজরুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। ঢাকার ধানমন্ডি রেভিনিউ সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেটও ছিলেন তিনি। সম্প্রতি তাকে পিএসসির সহকারী পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়। নজরুলের স্বজনরা জানান, গত ১৭ জানুয়ারি পিত্তথলির পাথর অপসারণের জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি হন নজরুল ইসলাম।

