পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮০৫ জনে।
এদিকে, একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৩২ জন। এ নিয়ে সারাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনে।
শুক্রবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনাভাইরাস পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছর অর্থাৎ ২০২০ সালের ৬ মে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন চারজনের মৃত্যু হয়। সেই হিসাবে প্রায় দেড় বছর পর সর্বনিম্ন মৃত্যুর তথ্য জানালো স্বাস্থ্য অধিদপ্তর। তবে চলতি বছরের ১২ ফেব্রুয়ারিও মৃত্যু কম ছিল। ওইদিন পাঁচজনের মৃত্যু হয়।
দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ।


