নিজস্ব প্রতিবেদক : বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে তার শান্তিনগর বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার মধ্য রাতে তাকে তুলে নেয়া হয় বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। এছাড়া বিএনপি ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি একেএম মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন, বিএনপি নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হকসহ বেশ কয়েক নেতার বাসায় পুলিশ তল্লাশি চালায়। এ সময় নেতাদের না পেয়ে তাদের বাসায় ভাংচুর করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ বিষয়ে ডিবির উপ-কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, হাসান মামুন নামে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
বিএনপি নেতা রওনাক রেফাত গ্রেফতার : ৩০ জানুয়ারি হাইকোর্ট প্রাঙ্গণে পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকালে শাহবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাভারের সাবেক মেয়র গ্রেফতার : সাভার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, বুধবার দুপুরে পল্টন থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা আছে।


