অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হবে : শেখ তাপস

অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হবে : শেখ তাপস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, পর্যায়ক্রমে সকল অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হবে।

বুধবার সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে কলাবাগান খেলার মাঠ ও মাঠ সংলগ্ন শহীদ শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শেখ তাপস বলেন, ‘ধানমন্ডি খালের বিভিন্ন অংশ দখল হয়ে গিয়েছে। সেগুলো দখলমুক্ত করার কাজ আমরা আরম্ভ করেছি। ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী ধানমন্ডি লেকের যে নকশা করে দিয়েছিলেন, সেই নকশা অনুযায়ী লেকের নান্দনিক পরিবেশ পুনরুদ্ধারের জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। এছাড়াও ওয়াসার কাছ থেকে খালগুলো পাওয়ার পর সেগুলো দখলমুক্ত করেছি।’

মেয়র বলেন, ধানমন্ডি খালের পুনরুদ্ধার ও পুনরুজ্জীবিত করার কার্যক্রম শুরু করেছি। এই খালের একটি অংশ আগে দখলমুক্ত করা যায়নি। বিভিন্ন সরকারি সংস্থা সেগুলো দখল করে রেখেছে। আমরা সেগুলো দখলমুক্ত করতে কার্যক্রম আরম্ভ করেছি। আজকেও আমরা পুরো জায়গাটা পরিদর্শন করেছি। সেখানে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। পূর্ণাঙ্গভাবে মূল নকশা অনুযায়ী খালকে পুনরুজ্জ্বীবিত করব এবং নান্দনিক পরিবেশ সৃষ্টি করব।

শেখ তাপস বলেন, আজ আমরা কলাবাগান মাঠ ও মাঠ সংলগ্ন এই পার্কটি উদ্বোধন করেছি। এই এলাকাটা রাসেল স্কয়ার নামেই পরিচিত। তাঁরই নামে ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ উদ্বোধন করেছি। এখানে বাচ্চারা আসতে পারবে খেলাধুলা করবে বিভিন্ন সরঞ্জামাদি দেওয়া হয়েছে তারা যাতে উপভোগ করতে পারে। এর মাধ্যমে অত্র এলাকার দীর্ঘ প্রতীক্ষিত, উপভোগ্য জায়গাটি উন্মোচিত হলো। সকলে পরিবার-পরিজন নিয়ে এখানে আসতে পারবে, ঘুরতে পারবে, খেলতে পারবে।

এর আগে দক্ষিণের মেয়র বনানী কবরস্থানে জাতীয় চার নেতার সমাধি সৌধ, ধানমন্ডি-৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ধানমন্ডি লেকের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন।

এছাড়াও ধানমন্ডি লেক পরিদর্শনকালে মেয়র তাপস ‘লেক দখল করা স্থাপনাসমূহের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ, লেকের পরিবেশগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে’ নানাবিধ দিকনির্দেশনা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহমদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *