পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (৩ নভেম্বর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সকালে এসব তথ্য জানিয়েছেন।
ফারুক হোসেন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার ভোর ৬টা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০৫.৬ গ্রাম ও এক হাজার ১৬০ পুরিয়া হেরোইন, ১০ হাজার ৫৫৬ পিস ইয়াবা, তিন কেজি ৫৪৫ গ্রাম ৩৬ পুরিয়া গাঁজা, ১২০ বোতল ফেনসিডিল, ৯টি ইনজেকশন ও আট লিটার দেশি মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০১টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


