স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে তিন বছর পর জাতীয় দলে ফিরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। যে কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল একাদশে জায়গা হয়নি এনামুল হক বিজয়ের।তবে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন জাতীয় দলের এ ওপেনার।
সোমবার থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিগে খেলতে নেমেই ব্যাটিংয়ে ঝড় তুলেছেন আবাহনীর এই ওপেনার। বিজয়ের ব্যাটে ভর করে ৯ উইকেটের বড় জয় পেয়েছে ঢাকা ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
প্রিমিয়ার লিগের চলতি আসরের নিলাম অনুসারে খেলাঘর সমাজকল্যাণ সমিতির হয়ে খেলার কথা ছিল জাতীয় দলের এই ওপেনারের। কিন্তু ঘরোয়া এই ক্লাবটির সঙ্গে সমঝোতা করে বিজয়কে শেষ পর্যন্ত নিজেদের করে নেয় আবাহনী। যে স্বপ্ন নিয়ে ক্লাবটি বিজয়কে দলে নিয়েছে তাদের সেই স্বপ্ন পূরণে প্রথম দিনই ইঙ্গিত দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার। প্রিমিয়ারের চলতি আসরের উদ্বোধনী ম্যাচে ৭৩ বলে ৮৬ রানের হার না মানা ইনিংস খেলে আবাহনীকে বড় জয় উপহার দেন বিজয়।
সোমবার বিকেএসপির মাঠে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে মাশরাফি বিন মুর্তজার গতি এবং সানজামুল ইসলামের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৫৪ রানে অললাউট খেলাঘর। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মঈনুলইসলাম সোহেল। এছড়া ৩৭ রান আসে অমিত মজুমদার। আবাহনীর হয়ে তিনটি করে উইকেট নেন মাশরাফি এবং সানজামুল। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। দলের হয়ে ৭৩ বল খেলে ৬ চার ও ৫ ছক্কার সাহায্যে অপরাজিত ৮৬ রান করেন বিজয়। ৪৯ বলে ৩৯ রান করে আউট হন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। এছাড়া ২৩ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন নাজমুল হোসেন শান্ত।
সংক্ষিপ্ত স্কোর :
খেলাঘর : ৫১ ওভারে ১৫৪/১০ (মুমিনুল ইসলাম ৪৩, অমিত মজুমদার ৩৭; মাশরাফি ৩/২৩, সানজামুল ৩/২৭)।
আবাহনী : ২৫.২ ওভারে ১৫৫/১ (বিজয় ৮৬*, সাইফ হাসান ৩৯, শান্ত ২৩*)।
ফল : আবাহনী ৯ উইকেটে জয়ী।


