ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতা : রাজ্য সরকারকে বরখাস্তের দাবি কংগ্রেসের

ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতা : রাজ্য সরকারকে বরখাস্তের দাবি কংগ্রেসের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের বিজেপিশাসিত ত্রিপুরায় সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়ার জন্য বিজেপির সহযোগী বিশ্ব হিন্দু পরিষদকে (ভিএইচপি) অভিযুক্ত করেছে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস। একইসঙ্গে রাজ্য সরকারের বরখাস্তের দাবি জানিয়েছে দলটি। শুক্রবার (৫ নভেম্বর) হিন্দি গণমাধ্যম ‘নবজীবন ইন্ডিয়া ডটকম’ ওই তথ্য জানিয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশন ত্রিপুরার উত্তরের জেলায় সাম্প্রতিক সহিংসতার বিষয়ে রিপোর্ট চাওয়ার পরে কংগ্রেস ওই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদকে অভিযুক্ত করেছে। জাতীয় মানবাধিকার কমিশন ত্রিপুরার মুখ্য সচিব, পুলিশ বিভাগের ডিজিপি এবং রাজ্য মানবাধিকার কমিশনের সচিবকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের অভিযোগের বিষয়ে তাদের মতামত জানাতে বলেছে। তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের অভিযোগ, বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরার একটি এলাকায় সম্প্রতি মিছিল করেছিল। এ সময়ে মিছিলে থাকা জনতা সংখ্যালঘু মুসলিমদের দোকানপাট ভাঙচুর করে এবং দু’টি দোকান পুড়িয়ে দেয়। দাঙ্গা-হাঙ্গামাকে মদদ দিয়ে সরকারি মেশিনারি দর্শকের মতো কাজ করেছে বলে অভিযোগ। বলা হয়, এ ধরনের ঘটনার পরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার ওই ইস্যুতে কংগ্রেসের সিনিয়র নেতা ও মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং রাজ্য সরকারকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে, রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতার জেরে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘ত্রিপুরায় আমাদের মুসলিম ভাইদের উপরে নিষ্ঠুরতা হচ্ছে। যারা হিন্দুর নামে বিদ্বেষ ও সহিংসতা করে তারা হিন্দু নয়, তারা ভণ্ড। সরকার আর কতকাল অন্ধ-বধির হওয়ার ভান করে থাকবে?’

বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ সম্প্রতি ত্রিপুরায় বিক্ষোভ প্রদর্শন করে। এ সময়ে চামটিলায় একটি মসজিদ ভাঙচুর ও দু’টি দোকানে আগুন দেওয়া হয়। এরপর সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *