পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউরোপের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ফ্রান্সে ইসলামবিদ্বেষী হামলার শিকার হয়েছে তিনটি মসজিদ। শনিবার (৬ নভেম্বর) রাতে দেশটির মঁলেবুঁ, পঁটারলিয়ে ও রুবে শহরের মসজিদ এই হামলার শিকার হয়। এ হামলার ফলে সেখানকার মুসলমানরা আতঙ্কে দিন পার করছেন।
ফ্রান্সে প্রবাসী তুর্কি মুসলমানদের সংগঠন টার্কিশ ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স (ডিআইটিআইবি) এই তথ্য জানায়।
ডিআইটিআইবি জানায়, হামলাকারীরা মসজিদের দেয়ালে ক্রস ও ইসলামবিদ্বেষী স্লোগান এঁকে দিয়েছিলো।
রোববার প্রকাশিত সংগঠনটির এক বিবৃতিতে মসজিদে হীন আক্রমণের নিন্দা জানানো হয়। পাশাপাশি মুসলমানদের ধর্মীয় বিধি-বিধান পালনে সহযোগিতার জন্য নিরাপত্তা বাহিনী ও ফরাসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা। আর এ ঘৃণিত হামলার পেছনের ব্যক্তিদের আইনের সম্মুখীন করারও দাবি করেন তারা।
উল্লেখ্য, ফ্রান্সসহ ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমবিদ্বেষ লক্ষ্যণীয় হারে বেড়ে চলছে। ইউরোপের দেশগুলোতে উগ্র জাতীয়তাবাদ ও বিদেশীদের বিরুদ্ধে ঘৃণার মনোভাবের উত্থানের সাথে সাথে আইএস ও আলকায়েদাসহ উগ্রবাদী মুসলিম সংগঠনগুলোর সন্ত্রাস ও শরণার্থী সংকট ইউরোপীয়দের মধ্যে ইসলামবিদ্বেষ সম্প্রসারণ করেছে।
সূত্র : ডেইলি সাবাহ


