পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে মেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ বাড়াতে তালেবানের সঙ্গে আলোচনা করে মেয়েদের ১০টি স্কুল পুনরায় চালু করেছে তুরস্ক। মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) মন্ত্রিসভার এক বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ঘোষণা দেন যে, তুরস্কের রাষ্ট্রীয় তহবিলে পরিচালিত মারিফ ফাউন্ডেশনের আওতায় আফগানিস্তানের ১৪টি বালিকা বিদ্যালয়ের মধ্যে ১০টি পুনরায় চালু করা হয়েছে। মারিফ ফাউন্ডেশনের অধীনে আফগানিস্তানে ৮০টি স্কুল পরিচালনা করা হচ্ছে।
কাভুসোগলু জানিয়েছেন, গত মাসে তুরস্কে সফর করা তালেবানের প্রতিনিধি দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান সরকারের অধীনে নারীদের আরও সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। মারিফ ফাউন্ডেশনের মতো সংস্থাগুলো এই লক্ষ্য পূরণে কাজ করবে।
তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর ন্যাটো দেশগুলোর মধ্যে একমাত্র তুরস্কই আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। এমনকি তালেবানের নতুন সরকারের সঙ্গে তারা বেশ কয়েকবার আলোচনায় বসেছে।
চলতি মাসের শুরুতে তুরস্কের পক্ষ থেকে জানানো হয় যে, দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থা আফগানিস্তানে এক হাজার দুইশোর বেশি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। আগামী সপ্তাহে আরও ৪ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।


