পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডি কার্যালয় ভবনের মালিক সালাহউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি ১১ নম্বর রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইভ্যালির ধানমন্ডি কার্যালয় থেকে মালামাল ও আসবাব চুরির অভিযোগে বাড়িটির মালিক সালাউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলামের বরাতে বলা হয়েছে, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন গ্রেপ্তার হওয়ার পর ওই কার্যালয় থেকে মালামাল ও আসবাব চুরির অভিযোগে বাড়িটির মালিক সালাউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়।
গত ১২ অক্টোবর ইভ্যালির বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে সাবেক একজন বিচারপতির নেতৃত্বে একটি বোর্ড গঠন করেন হাইকোর্ট। ওই বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব মাহবুব কবির বাদী হয়ে ইভ্যালির মালামাল ও আসবাব চুরি করার অভিযোগে বাড়ির মালিক সালাহউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন। মামলায় তাকেই একমাত্র আসামি করা হয়।


