৯ পৌরসভায় ও ১২৭ ইউপিতে ভোট ২৯ মার্চ

৯ পৌরসভায় ও ১২৭ ইউপিতে ভোট ২৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক : দেশের ১২৭টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভায় ২৯ মার্চ ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৩৪টি ইউনিয়নে সাধারণ ও ৯৩টি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। অপরদিকে ৪টি পৌরসভায় সাধারণ ও অপর ৫টি পৌরসভায় উপনির্বাচন হবে। এছাড়া কয়েকটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার কমিশনের ২০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব জানান, এসব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৪ ও ৫ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ১২ মার্চ ও প্রতীক বরাদ্দ ১৩ মার্চ। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঢাকা উত্তর সিটির মেয়র এবং ঢাকার দুই সিটিতে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের ওপর দায়ের হওয়া রিট আবেদনের ওপর আপিল বিভাগে ২২ ফেব্রুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকে নানা কারণে দ্বৈত ভোটার হন। আমরা কেস বাই কেস পর্যালোচনা করে অসৎ উদ্দেশে দ্বৈত ভোটার হওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। টাঙ্গাইলের একজন নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বয়স বাড়িয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার জয়ী হওয়ার গেজেটও বাতিল করা হয়েছে।

রোডম্যাপ প্রসঙ্গে হেলালুদ্দীন আহমদ বলেন, রোডম্যাপে গতি নেই। আমরা বিভিন্ন মহলের সঙ্গে যে সংলাপগুলো করেছি তার কপি কিছু দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটি এডিট করতে আমাদের কিছু সময় লেগেছে। অন্যান্য বিষয়ে কার্যক্রমগুলো এখনও চলমান আছে। রোডম্যাপ গতি হারায়নি এবং পথও হারায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *