নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা আপিল আবেদনটি বৃহস্পতিবারের কার্যতালিকায় (কজ লিস্ট) এসেছে। ওই দিন দায়ের করা আপিলের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার রাতে মামলাটি শুনানির জন্য বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের ৬ নম্বরে ক্রমিকে রাখা হয়েছে।
এর ফলে বৃহস্পতিবার খালেদা জিয়ার আপিল গ্রহণের ওপর শুনানি হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
এর আগে মঙ্গলবার বিকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আপিল আবেদনটির বিষয়ে মেনশন (উল্লেখ) করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তখন আদালত বলেছিলেন, মামলাটি শুনানির জন্য বৃহস্পতিবারের কার্যতালিকায় রাখা হবে।


