আগামী বছর থেকে নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা

আগামী বছর থেকে নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন জানিয়েছেন, আগামী বছর থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নতুন প্রশ্নপত্র ও নতুন পদ্ধতিতে নেয়া হবে।
তবে নতুন পদ্ধতি কী হবে, তা আলোচনা করে ঠিক করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের সভা শেষে সোহরাব হোসাইন এ উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা নতুন পদ্ধতিতে নিতে পারব। সভায় সবাই প্রশ্নব্যাংক তৈরির বিষয়ে একমত হয়েছেন।’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরীক্ষায় এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ব্যক্তিগতভাবে তিনি আগে থেকেই এমসিকিউ বন্ধের বিষয়ে বলে আসছেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে বলার পর এটা এখন প্রক্রিয়ার মাধ্যমে করা হবে।

চলতি এসএসসি পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই জরুরি সভা ডাকা হয়। তবে সভায় আগামী দুই এপ্রিল থেকে শুরু উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা কীভাবে প্রশ্নপত্র ফাঁস রোধ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।

সোহরাব হোসাইন বলেন, যেহেতু আগামী এইচএসসি পরীক্ষা নতুন পদ্ধতিতে নেওয়ার সুযোগ নেই। তাই এটা কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। সভার সিদ্ধান্তগুলো অব্যাহত থাকবে।

তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র যেকোনো জায়গায়, যে কারও হাতে পেলে আইনের আওতায় আনা হবে। চলতি এসএসসি পরীক্ষায় এ পর্যন্ত ১৫২ জনকে আটক করা হয়েছে।

সভায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে লিখিত পর্যবেক্ষণ তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *