চোখের পানি দিয়ে আল্লাহর কাছে চেয়ে নিতে হয় : আল্লামা মাসঊদ

চোখের পানি দিয়ে আল্লাহর কাছে চেয়ে নিতে হয় : আল্লামা মাসঊদ

‘সকল সুবিধা ও অসুবিধার মালিক আল্লাহ তাআলা’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আলাহ তাআলা দুনিয়ার সকল সুবিধা ও অসুবিধার মালিক বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, ফিদায়ে মিল্লাত আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেছেন, দুনিয়াতে মানুষ কতো কঠিন বিপদ-আপদের মধ্যে পড়ে, কতো অসুবিধার মধ্যে পতিত হয়। এই যে বিপদ-আপদ, এই যে সুবিধা-অসুবিধা, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই সবকিছু সৃষ্টি করেন। আবার আল্লাহ তাআলা চাইলেই যেকোনো সুবিধাকে অসুবিধায় এবং যেকোনো অসুবিধাকে সুবিধায় রুপান্তর করতে পারেন। তাই যেকোনো অবস্থায় আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষি হবো।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

ভালো অবস্থায় মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায় উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন। কখনো ভালো অবস্থায় রাখেন, আবার কখনো খারাপ অবস্থার মাধ্যমে পরীক্ষা করেন। খারাপ অবস্থাতে মানুষ আল্লাহ তাআলাকে যেভাবে স্মরণ করে ভালো অবস্থাতে সেভাবে স্মরণ করে না। সেজন্য আল্লাহ তাআলা বান্দাকে মাঝে মাঝে খারাপ অবস্থায় ফেলেন, যেন বান্দা বুঝতে পারে খারাপ অবস্থা থেকে তাকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নেই। একমাত্র আল্লাহ তাআলাই সব ধরণের বিপদ-আপদ থেকে মানুষকে উদ্ধার করতে পারেন।

সুবিধা-অসুবিধায় আল্লাহ তাআলার দরবারেই আমাদের চোখের পানি ফেলতে হবে জানিয়ে তিনি বলেন, একমাত্র আল্লাহ তাআলাই সব ধরণের বিপদ থেকে উদ্ধার করতে পারেন, একথাটা আমরা মুখে স্বীকার করলেও কাজে-কর্মে ঠিক উল্টোটা করি। যেকোনো বিপদে পড়লেই আমরা মানুষের কাছে হাত পাতি। এজন্য শত লাঞ্ছনাও আমরা মাথা পেতে নেই। আবার অনেক সময় পায়ে পড়লেও মানুষ আমাদের সাহায্য করে না। কিন্তু তারপরও আমরা আল্লাহর দরবারে হাত পাতি না। আল্লাহর কাছে আমরা মাথা নত করি না।

অথচ আমরা জানি, একমাত্র আল্লাহ তাআলাই সব বিপদ-আপদ থেকে মানুষকে উদ্ধার করতে পারেন। এজন্য ভাইয়ো, আমরা যেকোনো মুসিবতেই পড়িই না কেন, যেকোনো সুবিধা-অসুবিধায় থাকিই না কেন, সর্বাবস্থায় আমরা আমরা আল্লাহর দরবারে ফিরে যাবো। আল্লাহ তাআলার কাছেই আমাদের সব অভিযোগ অনুযোগ করবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন।

কীভাবে আল্লাহ তাআলার কাছে থেকে সুবিধা আদায় করে নিতে হয় তা জানাতে গিয়ে আল্লামা মাসঊদ বলেন, আল্লাহ তাআলার কাছে থেকে সুবিধা আদায়ের একটাই মাধ্যম, সেটা হলো আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলা। অথচ আজ আমাদের দিল পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছে। দুনিয়ার ভালো কিছুর জন্য আমরা চোখের পানি ফেলি, কিন্তু আল্লাহর দরবারেই শুধু চোখের পানি ফেলি না। আল্লাহর কাছে বাচ্চা শিশুর মতো কাঁদতে হবে। হাউমাউ করে কাঁদতে হবে। কান্না না আসলে কান্নার ভান ধরতে হবে। তাহলেই তিনি আমাদের জন্য ভালো কিছুর ব্যাবস্থা করবেন।

আল্লাহ সহায় হলে কোনো কিছুর প্রয়োজন নেই উল্লেখ করে শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লাহ তাআলা যার সহায় হোন, তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তার আর কোনো ভয় থাকে না। সে নিরাপদ হয়ে যায়। তার আর কোনো পেরেশানি থাকে না। তাই ভাইয়ো, মৃত্যুর আগ পর্যন্ত আমরা আল্লাহ তাআলাকে আমাদের অভিভাবক বানিয়ে ফেলি। আল্লাহ আমাদের কবুল করুন।

আরও পড়ুন: ঠকবাজি ও প্রতারণা করা মারাত্নক গুনাহ : আল্লামা মাসঊদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *