স্পোর্টস রিপোর্ট : সাম্প্রতিক সময়ে ঘরে বাইরে কোথায় সফলতা দেখাতে পারেননি পেস বোলাররা। যে কারণে শ্রীলংকা সফরের আগে পেসারদের নয়ে শঙ্কিত দলের কোচ কোর্টনি ওয়ালশ। দেশের বাইরে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে পেস বোলার ঝালাই করে নিচ্ছেন ওয়ালশ।
শ্রীলংকায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে শুক্রবার থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে। এদিন পেস বোলারদের নিয়ে আলাদাভাবে কাজ শেষে জাতীয় দলের বোলিং কোচ বলেন, ‘ঘরের মাটিতে আমরা ভালো করতে পারিনি। সামনে শ্রীলংকায় আরও কঠিন সিরিজ অপেক্ষা করছে। নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার এখনই সঠিক সময়। আশা করছি, তারা ধারাবাহিকভাবে সেটা করে দেখাবে। আর তরুণরা যে সুযোগটা পেয়েছে সেটা দুই হাত দিয়ে ধরে রাখার চেষ্টা করবে।’
বাংলাদেশ ক্রিকেট দলের সর্বশেষ কয়েক বছরের সাফল্যে পেস বোলাররাই বড় ভূমিকা পালন করেছেন। অথচ সেই ফাস্ট বোলাররাই এখন হতাশাজনক পাফরম্যান্স করছেন। পেসারদের বোলিংয়ে ‘ধার’ ফেরাতে কাজ করছেন কোর্টনি ওয়ালশ। শুক্রবার শুরু হওয়া ক্যাম্পে মোস্তাফিজুর রহমান ছাড়া বাকিরা সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গেছেন কাটার মাস্টার।
প্রথম দিনের ক্যাম্প শেষে ওয়ালশ বলেন, ‘ধারাবাহিকতার ওপরই ফোকাস রাখা হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে বোলিং করতে পারছি না। বোলারদের মানসিক দিক নিয়েও কাজ করা হচ্ছে। তারা নিজেদের ক্ষমতা জানে এবং যেটা সাধারণভাবে করা হয় সেটাই এখানে করছে। শেষ সিরিজে তারা সেটা করতে পারেনি। তাদের ধারাবাহিক তৈরি করার দিকেই আমার লক্ষ্য। সেটাই শেখানোর চেষ্টা করছি।’


