পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পৌষের প্রথম সপ্তাহেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। আগামী বুধবার (২২ ডিসেম্বর) পর্যন্ত এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও ২৪ ডিসেম্বর থেকে আবার শীতের প্রকোপ শুরু হবে।
সোমবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহ থাকবে আগামী আরও দুই দিন। পরে এর বিস্তৃতি হতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আরিফ হোসেন জানান, আগামী দুই দিন এ শৈত্যপ্রবাহ থাকবে, এরপর তাপমাত্রা একটু বাড়বে। ২৪ ডিসেম্বর থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা কমলেও দেশের অন্যত্র তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। অন্যদিকে, কক্সবাজার ও সীতাকুণ্ডে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।


