‘শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দেন’

‘শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দেন’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দেন বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেছেন, আল্লাহ তাআলা অসংখ্য কুদরত ও নেয়ামত দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন। যা আমরা গুনে শেষ করতে পারবো না। আল্লাহর কুদরত ছাড়া একটা পদক্ষেপও ফেলতে পারবো না। তাঁর কুদরত ব্যাতিত চোখের একটা পলকও ফেলতে পারবো না। তার হুকুম ছাড়া শ্বাসও নিতে পারবো না। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দেন। নেয়ামতের মধ্যে বরকত দান করেন। তাই আসুন আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।

আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন, যার সাহায্যে আমরা তাঁর নেয়ামতকে দেখতে ও উপলব্ধি করতে পারি। শোনার জন্য কান দিয়েছেন। কী অসাধারণ এই শ্রবণ শক্তি। স্বাদ আস্বাধন করার জন্য জিহ্বা দিয়েছেন। ঘ্রাণ অনুভব করতে নাক দিয়েছেন। খাবার চর্বনের জন্য দাঁত দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলার প্রতিটি নেয়ামত ও কুদরতকে নিয়ে ভাবতে হবে। গভীরভাবে চিন্তা করতে হবে। তাহলে অন্তরের অন্তস্থল থেকে নেয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে।

শুকরিয়া আদায় করলে নেয়ামতের বিনিময় হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এতো এতো নেয়ামত দিয়েছেন, এতো এতো কুদরত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন, তার জন্য আল্লাহ তাআলা বেশি কিছু চান না। আলাহ তআলার নেয়ামতের বিনিময় হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। একবার “আলহামদুলিল্লাহ” বললে নেয়ামতের বিনিময় হয়ে যায় এবং আল্লাহ তাআলা খুশি হয়ে যান। ভাইয়ো, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কেবল নেয়ামতের শুকরিয়া চান। আর কিছু চান না। তাই আমরা বেশি বেশি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবো।

আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ আমরা নেয়ামতের শুকরিয়া আদায় করতে ভুলে গেছি। আমরা আমরা “আলহামদুলিল্লাহ” বলতে ভুলে গেছি। আর কতো দিন আমরা গাফেল থাকবো? আর কতো দিন আমরা বেহুশ থাকবো? আমাদের কি হুশ ফিরবে না? আমরা কি উদাসীনতা থেকে দূরে সরে আসবো না? আমাদের কি সময় হয়নি আাল্লাহর দিকে ফিরে আসার? আসুন আমরা আল্লাহর দিকেই ফিরে আসি। আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তন করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *